ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি সংক্রান্ত প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ নম্বর আদালতের ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা রোববার (১২ জুলাই) এ আদেশ দেন। আগামী ১৩ আগস্ট তাকে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার জানান, তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত সমন জারির সিদ্ধান্ত নিয়েছেন। এখন মামলার পরবর্তী কার্যক্রম আদালতেই চলবে।
মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। শাড়িটির প্রচার করবেন এবং এর মূল্য পরিশোধ করবেন বলে আশ্বাস দিলেও পরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়।
বাদীপক্ষের দাবি, আইনি নোটিশ পাঠিয়েও কোনো সাড়া না পাওয়ায় ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলাটি করা হয়। পরে আদালতের নির্দেশে গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতেই আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন।
তবে তানজিন তিশা এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ অস্বীকার করে দাবি করেছিলেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। এটি কেনা বা এর মূল্য পরিশোধের কোনো চুক্তি ছিল না বলেও তিনি উল্লেখ করেন।




Comments