Image description

রাষ্ট্রায়ত্ত নয়টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বেড়ে প্রায় ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকায় পৌঁছেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী জানান, খেলাপি ঋণের উচ্চহার কমিয়ে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও খেলাপি ঋণ কমানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে।

যেসব রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তথ্য দেওয়া হয়েছে সেগুলো হলো—অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক।

এদিকে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমানের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে ‘মুজিব বর্ষ’ উদযাপনে প্রায় ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করা হয়।

তিনি বলেন, এই অর্থ শেখ মুজিবুর রহমানের ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের ভাস্কর্য নির্মাণ, ছবি ও বেদি স্থাপন, জাতীয় পর্যায়ে সময় গণনার ডিজিটাল বোর্ড নির্মাণসহ বিভিন্ন সরকারি কার্যক্রমে ব্যয় করা হয়েছে।