Image description

প্রস্রাবের স্বাভাবিক রং পরিবর্তন হয়ে স্বচ্ছ থেকে হলুদ বর্ণ ধারণ করলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। সাধারণ মানুষের মধ্যে একটি প্রচলিত ধারণা রয়েছে যে, গাঢ় হলুদ প্রস্রাব মানেই সেটি ডায়াবিটিসের লক্ষণ। তবে চিকিৎসকরা বলছেন ভিন্ন কথা।

বিশেষজ্ঞদের মতে, গাঢ় হলুদ প্রস্রাব ডায়াবিটিসের চেয়ে বরং ডিহাইড্রেশন বা শরীরের পানিশূন্যতার বড় সংকেত। শরীরে পানির অভাব দেখা দিলে কিডনি প্রস্রাব থেকে পানি শোষণ করে নেয়, যার ফলে প্রস্রাব ঘনীভূত হয়ে হলুদ রং ধারণ করে। এছাড়া প্রস্রাবের স্বাভাবিক রং হালকা হলুদ হওয়ার পেছনে ‘ইউরোবিলিন’ নামক পিগমেন্টের ভূমিকা থাকে।

তবে কেবল পানিশূন্যতা নয়, প্রস্রাবের রং গাঢ় হলুদ হওয়ার পেছনে আরও কিছু কারণ থাকতে পারে।

১. জন্ডিস: প্রস্রাব অতিরিক্ত গাঢ় হলে জন্ডিসের আশঙ্কা থাকে। এমন অবস্থায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

২. ওষুধের প্রভাব: ভিটামিন বি-কমপ্লেক্স কিংবা মূত্রনালির সংক্রমণ (UTI) রোধে ব্যবহৃত কিছু অ্যান্টিবায়োটিক খেলেও প্রস্রাবের রং হলুদ বা হালকা কমলা হতে পারে।

ডায়াবিটিসের ক্ষেত্রে প্রস্রাবের রঙের চেয়েও বড় উপসর্গ হলো ঘনঘন প্রস্রাবের বেগ হওয়া। হঠাৎ করে বার বার প্রস্রাব হওয়া এবং সেই সঙ্গে প্রচুর পানি তৃষ্ণা পাওয়া ডায়াবিটিসের প্রধান লক্ষণ হিসেবে বিবেচিত হয়। এছাড়া রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে মূত্রনালির সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তাই বারবার সংক্রমণে আক্রান্ত হলে রক্ত পরীক্ষা করার পরামর্শ দেন চিকিৎসকরা।

মানবকণ্ঠ/আরআই