Image description

বাংলাদেশের সুপরিচিত প্রকাশনা সংস্থা- সেবা প্রকাশনী তাদের কার্যক্রম সাময়িক স্থগিতের নোটিশ দিয়েছে।

প্রতিষ্ঠানটির অন্যতম অংশীদার কাজী শাহনূর হোসেন স্বাক্ষরিত এই নোটিশে বলা হয়েছে, ‘সেবা প্রকাশনীতে অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়টি সম্প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এমতাবস্থায় অডিট কার্যক্রম নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে সেবা প্রকাশনীর সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে।’

সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মুর বিবিসি বাংলার কাছে এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা প্রয়াত কাজী আনোয়ারের হোসেনের পরিবারের সদস্য।

তিনি বলেন, ‘এটি আমাদের পারিবারিক সিদ্ধান্ত। কিছু দুর্নীতি ধরা পড়েছে। অডিটের স্বার্থে সাময়িক বন্ধ করা হয়েছে। অডিট শেষ করে নতুন করে আবার সেবা প্রকাশনীর কার্যক্রম শুরু হবে।’

প্রসঙ্গত, বাংলাদেশের একসময়ের জনপ্রিয় লেখক প্রয়াত কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার ছিলেন। তিনি ছিলেন জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ 'মাসুদ রানা'র স্রষ্টা। সেবা প্রকাশনী থেকেই ১৯৬৬ সালে প্রকাশিত হয় মাসুদ রানা সিরিজের প্রথম বই। ১৯৮৫ সালের আগস্টে এই প্রকাশনী থেকেই প্রকাশিত হয় তিন গোয়েন্দা সিরিজ।

উনিশশো তেষট্টি সালে তিনি ঢাকার সেগুনবাগিচায় স্থাপন করেন সেবা প্রকাশনী।