বরেণ্য শিক্ষাবিদ, বিশিষ্ট প্রাবন্ধিক এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৫ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
বাংলা একাডেমির মহাপরিচালক ও তাঁর ছাত্র মোহাম্মদ আজম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে মিরপুর-১ নম্বরের একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন অধ্যাপক আবুল কাসেম। সেখানে হঠাৎ অসুস্থ বোধ করলে তাঁকে দ্রুত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘ সময় অধ্যাপনা করেছেন এবং বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
একজন মননশীল প্রাবন্ধিক ও চিন্তাবিদ হিসেবে তিনি দেশের শিক্ষা ও সংস্কৃতি জগতে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে তিনি আজীবন কাজ করে গেছেন। তাঁর সম্পাদিত ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ সাময়িকপত্র বুদ্ধিবৃত্তিক মহলে ব্যাপক প্রশংসিত। তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে— ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্য চিন্তা’, ‘সংস্কৃতির সহজ কথা’ এবং ‘ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি’। সাহিত্যে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments