পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিক ও শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার ঘটনায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে পটুয়াখালী জেলা ছাত্রদল।
রোববার (২৮ জুন) বিকেলে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী এবং সদস্য সচিব জাকারিয়া আহমেদের অনুমোদনক্রমে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।
জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে কলাপাড়া পৌর শহরের সদর রোড এলাকার একটি মোবাইল ফোনের দোকানে বসে ছিলেন নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আজকের পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মো. মোয়াজ্জেম হোসেন। অভিযোগ অনুযায়ী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ওরফে ফাহিম এবং কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেনের নেতৃত্বে ১০-১২ জন নেতাকর্মী তাকে দোকান থেকে ডেকে বাইরে নিয়ে মারধর করে। পরে তিনি দোকানের ভেতরে আশ্রয় নিলেও সেখান থেকে টেনে বের করে আবারও মারধর করা হয়।
হামলায় গুরুতর আহত মোয়াজ্জেম হোসেন বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে বেল্লাল হোসেনকে বহিষ্কার করা হলেও অভিযুক্ত উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ওরফে ফাহিমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে মোয়াজ্জেম হোসেনের পরিবার।
এদিকে এ হামলার ঘটনায় কলাপাড়া প্রেস ক্লাব, মহিপুর প্রেস ক্লাব, কুয়াকাটা প্রেস ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম এবং কলাপাড়া সাংবাদিক ইউনিয়ন তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনগুলোর পক্ষ থেকে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।




Comments