Image description

আসন্ন গণভোটে (রেফারেন্ডাম) বর্তমান অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরাসরি প্রচারণা চালাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

শফিকুল আলম জানান, গণভোটে প্রচারণা চালানোর বিষয়ে সরকার শীর্ষ আইনি বিশেষজ্ঞদের মতামত নিয়েছে। বিশেষজ্ঞরা লিখিতভাবে জানিয়েছেন যে, এই সরকারের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে কোনো আইনি বাধা নেই। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে জানিয়েছেন যে, নির্বাচন কমিশন (ইসি) সহ সংশ্লিষ্ট সব পক্ষ একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

প্রেস সচিব আরও জানান, আজ প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইইউ জানিয়েছে, তারা আসন্ন নির্বাচনে একটি বড় পর্যবেক্ষক দল পাঠাবে। উল্লেখযোগ্য যে, আগের তিনটি জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য মনে না করায় ইইউ তখন কোনো পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠায়নি।

সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, বর্তমানে নির্বাচনে একটি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে এবং কোনো বিশেষ দলকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে না। তবে শফিকুল আলম সোশ্যাল মিডিয়াকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, পতিত সরকারের লোকজন নির্বাচনের সময় অপপ্রচার বা ‘মিসইনফরমেশন’ ছড়াতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনী এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

প্রেস সচিবের মতে, বিশেষ করে নারী এবং তরুণ প্রজন্মের মধ্যে এই ভোট নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও সরকার প্রতিটি বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে।

মানবকণ্ঠ/আরআই