Image description

বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ছবি : সংগৃহীত

বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, ‘আমরা যখন ইউনিফর্মে থাকব, তখন কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না। কারো ব্যক্তিগত রাজনৈতিক মতামত থাকতেই পারে, কিন্তু সেটা যেন কোনোভাবেই প্রকাশ না পায়।’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা সেনানিবাসের বিএএফ ঘাঁটি বাশারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিমানবাহিনী সদস্যদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

হাসান মাহমুদ খাঁন বলেন, আসন্ন নির্বাচনকে নিরবচ্ছিন্ন, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে বিমানবাহিনী কাজ করছে। নির্বাচনের দিন যেকোনো পরিস্থিতিতে বিমানবাহিনীর সদস্যদের দৃশ্যমান থাকতে হবে। এছাড়া ঘাঁটিতে অবস্থানরত সদস্যদের যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও জানান, এবারই প্রথমবারের মতো নির্বাচনে সেনাবাহিনীর সঙ্গে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবে বিমানবাহিনী। আসন্ন এই নির্বাচনে বিমানবাহিনীর মোট ৩ হাজার ৭৩০ জন সদস্য মোতায়েন থাকবেন।

মানবকণ্ঠ/ডিআর