বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ই-রেজিস্ট্রেশন এবং বিদ্যমান তথ্য হালনাগাদ কার্যক্রম আগামীকাল রোববার (৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে। আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
শনিবার (৭ ফেব্রুয়ারি) এনটিআরসিএ-র পরিচালক (শিক্ষা তত্ত্ব ও শিক্ষামান) তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের শূন্যপদের তথ্য (ই-রিকুইজিশন) অনলাইনে সংগ্রহের পূর্বশর্ত হিসেবে এই ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করা বাধ্যতামূলক। ই-রেজিস্ট্রেশন ছাড়া কোনো প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের জন্য চাহিদা পাঠাতে পারবে না এবং কোনো নিয়োগ সুপারিশের জন্য বিবেচিত হবে না।
এনটিআরসিএ আইন-২০০৫ ও সংশ্লিষ্ট পরিপত্র অনুযায়ী ই-রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এমনকি অবহেলার কারণে ই-রেজিস্ট্রেশন না করলে ওই প্রতিষ্ঠানের এমপিও বাতিলের জন্য সুপারিশ করা হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
কার্যক্রম সম্পন্ন করার নিয়ম
১. নতুন রেজিস্ট্রেশন: নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানকে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের (ইউএসইও) মাধ্যমে তথ্য যাচাই করে এনটিআরসিএ-র পোর্টালে এন্ট্রি দিতে হবে। এরপর স্বয়ংক্রিয়ভাবে মোবাইল ফোনে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে।
২. তথ্য হালনাগাদ: যেসব প্রতিষ্ঠানের আগে থেকেই ই-রেজিস্ট্রেশন আছে, তাদেরও নির্ধারিত সময়ের মধ্যে লগইন করে প্রোফাইল হালনাগাদ করতে হবে। তথ্য অপরিবর্তিত থাকলেও ‘সেভ অ্যান্ড সাবমিট’ বাটনটি ক্লিক করতে হবে, অন্যথায় হালনাগাদ হিসেবে গণ্য হবে না।
এনটিআরসিএ আরও জানিয়েছে, পাসওয়ার্ড হারিয়ে গেলে জেলা বা উপজেলা শিক্ষা কর্মকর্তার সুপারিশসহ আবেদন করে তা পুনরুদ্ধার করা যাবে। তবে পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষার দায়িত্ব সম্পূর্ণভাবে প্রতিষ্ঠান প্রধানের ওপর ন্যস্ত থাকবে। নির্ভুল তথ্য প্রদানের মাধ্যমে দেশের বেসরকারি শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও গতিশীলতা আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments