ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। একই দিনে অনুষ্ঠিত হচ্ছে সংবিধান সংস্কার ও ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ক গণভোটও।
তবে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আজ ভোট হচ্ছে না। এক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে এ আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে নতুন তফসিল ঘোষণা করে এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
তিনি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ (পিআরও) অনুযায়ী, নির্বাচনের আগে কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত বা বাতিল করার বিধান রয়েছে। এ ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা নির্বাচন বাতিল করেন এবং কমিশন নতুন তফসিল ঘোষণা করে।
নতুন তফসিল অনুযায়ী, যেসব প্রার্থী আগে বৈধ হিসেবে ঘোষিত হয়েছিলেন, তাদের পুনরায় মনোনয়নপত্র জমা দেওয়া বা জামানত প্রদান করার প্রয়োজন হবে না। তবে নতুন কোনো যোগ্য প্রার্থী চাইলে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।
এই আসনে বিএনপি মনোনীত মো. মাহমুদুল হক রুবেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মো. মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।
গত ৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।
মানবকণ্ঠ/আরআই




Comments