Image description

পবিত্র রমজান মাসে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় দেশের সব সিএনজি ফিলিং স্টেশন প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজানের প্রথম দিন থেকে আগামী ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা সারা দেশের সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে। মূলত গ্যাস লাইনে নিম্নচাপজনিত সমস্যা এড়াতে এবং বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহকে অগ্রাধিকার দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এই নিয়মে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। ঈদের সময় সড়কে যাত্রীদের বাড়তি চাপ ও যানবাহনের অতিরিক্ত জ্বালানির চাহিদার কথা বিবেচনায় নিয়ে ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সারা দেশের সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

ঈদের ছুটি শেষে আগামী ২৬ মার্চ থেকে সিএনজি স্টেশনগুলো পুনরায় আগের রুটিনে ফিরে যাবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন থেকে পূর্বের সময়সূচি অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নিয়মিত তিন ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

মানবকণ্ঠ/আরআই