মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজ নির্মূলে সাফল্য দেখালে প্রশাসনকে বিশেষ পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
ধর্মমন্ত্রী বলেন, “যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে যেকোনো মূল্যে মাদক নির্মূল করতে হবে। মুরাদনগর থেকে যদি মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়, তবে সংশ্লিষ্ট প্রশাসনকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হবে।”
প্রশাসনের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়ে মন্ত্রী আরও বলেন, “দলীয় পরিচয়ে কেউ কোনো ধরনের অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রশাসন কোনো দলের হয়ে নয়, বরং দেশের আইন অনুযায়ী চলবে।”
পবিত্র মাহে রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্বারোপ করে কায়কোবাদ বলেন, রমজানে মানুষ যেন কষ্ট না পায় সেজন্য এখন থেকেই বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এর আগে সকাল সাড়ে ১০টায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মুরাদনগর উপজেলা পরিষদে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণ শেষে তিনি উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে মতবিনিময় সভায় অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মানবকণ্ঠ/ডিআর




Comments