মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং সেখানকার আকাশপথে চরম নিরাপত্তা ঝুঁকির কারণে বড় ধরনের ফ্লাইট বিপর্যয়ের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে আগামী ৫ মার্চ পর্যন্ত নিজেদের সব নিয়মিত ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাষ্ট্রীয় এই সংস্থাটি।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বিমানের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে—সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা; সৌদি আরবের দাম্মাম; কাতারের দোহা এবং কুয়েত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে এবং আকাশপথ নিরাপদ হলে পুনরায় ফ্লাইট চালু করা হবে। সেক্ষেত্রে আক্রান্ত যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী সময়সূচি বা রি-শিডিউল সম্পর্কে দ্রুত জানিয়ে দেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর। আকাশপথ বন্ধ থাকায় আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট সূচিতে বড় ধরনের ধস নেমেছে।
পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার (৩ মার্চ) দুপুর পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়েছিল। এ নিয়ে গত চার দিনে সর্বমোট ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘটনা ঘটল, যার সিংহভাগই ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের।
আকাশপথের উত্তেজনা নিরসন না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না বলে ধারণা করা হচ্ছে। এমতাবস্থায় যাত্রীদের নিয়মিত বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
মানবকণ্ঠ/আরআই




Comments