আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উদযাপন উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিশেষ পরিবহন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ঈদের ছুটির সময় মহাসড়কে যানজট কমাতে টানা সাত দিন ভারি যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিআরটিএ থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরের আগের ৩ দিন এবং পরের ৩ দিনসহ মোট ৭ দিন (১৭ মার্চ হতে ২৩ মার্চ পর্যন্ত) দেশের সকল মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। অর্থাৎ এসব জরুরি পণ্যবাহী যান আগের মতোই চলাচল করতে পারবে।
মহাসড়কে যানবাহনের গতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ রাস্তার দুই পাশে যেকোনো ধরনের যানবাহন পার্কিং করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বিআরটিএ। বিশেষ করে টার্মিনাল বা মোড়গুলোতে অবৈধ পার্কিংয়ের কারণে যাতে যানজট সৃষ্টি না হয়, সেদিকে কঠোর নজরদারি করা হবে।
যানবাহন চলাচল নিরবিচ্ছিন্ন রাখতে এবং যাত্রী সাধারণের যেকোনো প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগের জন্য কয়েকটি নম্বর দেওয়া হয়েছে। যে কোনো প্রয়োজনে হটলাইন নম্বর ১৬১০৭-এ কল করা যাবে। এছাড়া মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬ এবং ০১৫৫০০৫৬৫৭৭-এ যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
বিআরটিএ আশা করছে, এই নির্দেশনা কঠোরভাবে পালিত হলে মহাসড়কে ভারি যানবাহনের চাপ কমবে এবং সাধারণ যাত্রীরা স্বাচ্ছন্দ্যে প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরতে পারবেন।
মানবকণ্ঠ/আরআই




Comments