জুলাই যোদ্ধাদের দায়মুক্তি সংক্রান্ত অধ্যাদেশ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ বিষয়ে সংসদীয় বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোর বিষয়ে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপি জুলাইয়ের জনআকাঙ্ক্ষা ধারণ করবে বলেও জানান তিনি।
সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংসদীয় বিশেষ কমিটির প্রথম বৈঠকে ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা চলছে। এসব অধ্যাদেশের কোনটি বহাল থাকবে এবং কোনটি বাতিল হবে তা যাচাই-বাছাই করবে এই কমিটি।
গত ১২ মার্চ সংসদ অধিবেশনের প্রথম দিনে বিএনপির সদস্য জয়নাল আবদিনকে সভাপতি করে ১৪ সদস্যের এই বিশেষ কমিটি গঠন করা হয়। অন্য সদস্যরা হলেন-মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, আসাদুজ্জামান, এম ওসমান ফারুক, এ এম মাহবুব উদ্দিন খোকন, আব্দুল বারী, নওশাদ জামির, মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান ও জিএম নজরুল ইসলাম।
অধিবেশনের প্রথম দিনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।




Comments