দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ড. আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, আসন্ন জাতীয় বাজেটে এই ইশতেহারের পূর্ণ প্রতিফলন দেখা যাবে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসনের নেতৃত্বাধীন এক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ড. আমির খসরু বলেন, “বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অনেক ধরনের সংস্কার বা রিফর্ম প্রোগ্রাম প্রয়োজন। আমরা বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী সেই পদক্ষেপগুলো গ্রহণ করছি। ব্যবসা-বাণিজ্য সহজ করা এবং ব্যবসার খরচ কমিয়ে আনার জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে, যা আগামী বাজেটে স্পষ্টভাবে প্রতিফলিত হবে।”
জ্বালানি সংকট ও আমদানি প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, জ্বালানি আমদানিতে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ সংস্থানের বিষয়ে আইএমএফের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। এই বিষয়ে আগামীতে ওয়াশিংটনে বিস্তারিত আলোচনা হবে।
দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতি নিয়ে অর্থমন্ত্রী আরও বলেন, “খাল পুনঃখনন কর্মসূচি আমাদের অর্থনীতির জন্য একটি গেম-চেঞ্জার হবে। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের কৃষি ও সামগ্রিক অর্থনৈতিক চিত্র বদলে যাবে।”
এর আগে, সকাল ১০টায় প্রধান মন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার দপ্তরে আইএমএফ প্রতিনিধি দলের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে অর্থমন্ত্রী ড. আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে অর্থমন্ত্রী দ্রব্যমূল্য ও পরিবহন পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, সরকারের সঠিক সময়ের পদক্ষেপের কারণে বিশ্বজুড়ে যুদ্ধের অস্থিরতা সত্ত্বেও এবারের ঈদে পরিবহন সংকট বা দ্রব্যমূল্যের বড় কোনো সমস্যা হয়নি। তবে সংকট মোকাবিলায় জনগণকে আরও সংযমী ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান তিনি।
মানবকণ্ঠ/ডিআর




Comments