জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি নবগঠিত বাংলাদেশ সরকারকে উষ্ণ অভিনন্দন জানান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বাংলাদেশের জাতিসংঘের স্থায়ী মিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে জাতিসংঘ মহাসচিব জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগণকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত মানবিক নেতৃত্ব ও উদারতার ভূয়সী প্রশংসাও করেন।
আলোচনায় সমসাময়িক বিভিন্ন বৈশ্বিক বিষয়ও উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রী চলমান বৈশ্বিক তেল সংকট এবং দরিদ্র দেশগুলোর ওপর এর অসম প্রভাবের কারণে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর সম্মুখীন হওয়া চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ড. রহমান পারস্পরিক সুবিধাজনক সময়ে মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মহাসচিব এই আমন্ত্রণকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই উন্নয়ন প্রসারে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে উভয় পক্ষ বৈঠকটি সমাপ্ত হয়।




Comments