ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের আবাসন সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সংসদ সচিবালয়। আগামী ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের (এমপি) সরকারি বাসভবন বরাদ্দ প্রদান করা হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ ও সংসদ কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি।
শনিবার (২৮ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবনে সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
চিফ হুইপ বলেন, ‘সংসদ সদস্যদের কাজের সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে আবাসন অত্যন্ত জরুরি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী ১০ এপ্রিলের মধ্যেই তাদের বাসভবন বরাদ্দ দেওয়ার কাজ সম্পন্ন করা হবে।’
বৈঠকে বাসভবন বরাদ্দের পাশাপাশি সংসদের কারিগরি বিষয় নিয়েও আলোচনা হয়। গত ১২ মার্চ সংসদ অধিবেশনের উদ্বোধনী দিনে সাউন্ড সিস্টেমে যে জটিলতা দেখা দিয়েছিল, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন চিফ হুইপ। তিনি জানান, এই যান্ত্রিক গোলযোগ কোনো পরিকল্পিত ঘটনা কি না, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে প্রযুক্তি বিশেষজ্ঞদের পরামর্শও চাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিনে চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে সভাপতি করে ১১ সদস্যের এই সংসদ কমিটি গঠন করা হয়। আবাসন বরাদ্দ ও সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা তদারকি করাই এই কমিটির প্রধান কাজ।
মানবকণ্ঠ/আরআই




Comments