Image description

রাজধানী ঢাকায় বৃষ্টির কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া অধিদপ্তর। রোববারও (৫ এপ্রিল) বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি। ফলে গত কয়েকদিনের মতো আজকেও নগরবাসীকে তীব্র গরমে নাকাল হতে হবে।

রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে অথবা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য, গতকাল শনিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস এবং তার আগের দিন তা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, পর্যাপ্ত বৃষ্টি না হওয়া পর্যন্ত রাজধানীর এই গুমোট গরম ও অস্বস্তি কমার সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়ার কারণে জনজীবনে ভোগান্তি অব্যাহত থাকতে পারে।

মানবকণ্ঠ/আরআই