প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় ১৯টি প্রকল্প নিয়ে আলোচনার পর ৫টি বড় উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৩টি সংশোধিত এবং ২টি মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প রয়েছে।
একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের ‘সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প’, ‘চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট-৪ (সিডিএসপি-৪) অতিরিক্ত অর্থায়ন (৩য় সংশোধন)’, ‘আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন’, ‘দেশের ৮টি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকীকরণ’ এবং ‘গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্প।
বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, দীর্ঘদিনের রেওয়াজ ভেঙে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের পরিবর্তে এবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে নতুন একনেক কমিটি গঠনের পর এটিই ছিল উন্নয়ন প্রকল্প নির্ধারণ ও ব্যয় পর্যালোচনার লক্ষ্যে গঠিত শীর্ষ কমিটির প্রথম আনুষ্ঠানিক সভা। সরকারের এই প্রথম একনেক সভা দেশের অবকাঠামো ও স্বাস্থ্য খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মানবকণ্ঠ/আরআই




Comments