Image description

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদ। এই বিশাল আইনি প্রক্রিয়া সময়মতো শেষ করতে মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে প্রতিদিন দুই বেলা (দুই সেশনে) সংসদ অধিবেশন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে চিফ হুইপ নুরুল ইসলাম এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ১৩৩টি অধ্যাদেশ বিল আকারে পাসের এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে মঙ্গলবার থেকে প্রতিদিন দুই সেশনে অধিবেশন চলবে। প্রথম সেশন শুরু হবে সকাল সাড়ে ১০টায় এবং দ্বিতীয় সেশন শুরু হবে বিকেল সাড়ে ৩টায়। প্রয়োজনে আগামী শুক্রবারও অধিবেশন চালানোর প্রস্তুতি রাখা হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের জন্য বিল আকারে উত্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ৯টি অধ্যাদেশ বিল আকারে পাস হয়েছে। এর মধ্যে গতকাল সোমবার ১০টি বিল উত্থাপন করা হলে সাতটি বিল পাস হয়। বাকি তিনটি বিলের ওপর বিরোধী দলের আপত্তি থাকায় সেগুলো পরবর্তী কার্যদিবসে আলোচনার জন্য রাখা হয়েছে।

সাংবিধানিক নিয়ম অনুযায়ী, আগামী ১২ এপ্রিলের মধ্যে এই অধ্যাদেশগুলো বিল আকারে পাসের বাধ্যবাধকতা রয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে ৯৮টি বিল পাসের প্রক্রিয়া শেষ করতেই দিনে দুই সেশনে অধিবেশন চালানোর এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানান, বর্তমান সংসদের প্রথম অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

মানবকণ্ঠ/ডিআর