ভোলার চরফ্যাশনে অবৈধভাবে মজুদ করা ৮৯০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার শশীভূষণ থানার অন্তর্গত উত্তর আইচা বাজার এলাকার তেল ব্যবসায়ী জয়নাল কেরানীর বাড়ি থেকে এ ডিজেল উদ্ধার করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, একটি চক্র বেশ কয়েকদিন ধরে সরকারি নিয়ম-কানুন উপেক্ষা করে ডিজেল মজুদ করে অবৈধভাবে বিক্রির সঙ্গে জড়িত ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। এ সময় যথাযথ কাগজপত্র ছাড়াই সংরক্ষিত ৮৯০ লিটার ডিজেল জব্দ করা হয়।
অভিযানকালে ব্যবসায়ী জয়নাল কেরানীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন জানান, অবৈধ জ্বালানি মজুদ ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কোনো অনিয়ম চোখে পড়লে প্রশাসনকে অবহিত করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।
মানবকণ্ঠ/ডিআর




Comments