Image description

জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল’ পাসের ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে ‘ছলচাতুরি’ ও ‘ওয়াদা ভঙ্গের’ অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদকে একটি ‘ওয়াদা ভঙ্গের সংসদ’ হিসেবে আখ্যায়িত করেছেন।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে জাতীয় সংসদের অধিবেশন থেকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ওয়াকআউট করার পর সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, "আমরা শেষ পর্যন্ত অধিবেশনে থাকার অনেক চেষ্টা করেও থাকতে পারিনি। ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল’ নিয়ে আমাদের সবার ঐকমত্য ছিল। বিশেষ কমিটির সিদ্ধান্ত ও সমঝোতা অনুযায়ী এই বিলটি নিয়ে কোনো পক্ষেরই আপত্তি তোলার কথা ছিল না। কিন্তু আমাদের কাউকে না জানিয়ে বিল উত্থাপনের মাত্র আধা ঘণ্টা আগে এতে একটি সংশোধনী আনা হয়। এক ধরনের ছলচাতুরি ও ভুল অপব্যাখ্যার মাধ্যমে এটি পাস করানো হয়েছে।"

বিরোধীদলীয় চিফ হুইপ আরও অভিযোগ করেন, সংবিধান সংস্কার পরিষদ থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের অনেক জাতীয় গুরুত্বপূর্ণ অধ্যাদেশকে বিলে পরিণত করার ক্ষেত্রে সরকার একের পর এক ওয়াদা ভঙ্গ করেছে। বিশেষ কমিটি এবং স্বয়ং স্পিকারের সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্তও মানা হয়নি।

তিনি বলেন, "অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ তামাদি (ল্যাপস) হয়ে যাচ্ছে, অথচ সেগুলো নিয়ে সংসদে কোনো আলোচনার সুযোগ দেওয়া হয়নি। কথা ছিল আজ রাত ১২টা পর্যন্ত হলেও আলোচনার সুযোগ দেওয়া হবে, কিন্তু সেটিও করা হয়নি। পদে পদে এমন ওয়াদা ভঙ্গের প্রতিবাদেই আমরা বিরোধীদলীয় নেতার নেতৃত্বে ওয়াকআউট করতে বাধ্য হয়েছি।"

সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ জামায়াত ও বিরোধী জোটের অন্যান্য শীর্ষস্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/আরআই