Image description

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অভিযোগ করেছেন, সরকার এমন বিল সংসদে উত্থাপন করছে যা ফ্যাসিবাদকে টিকিয়ে রাখা এবং ক্ষমতা কুক্ষিগত করার পথ তৈরি করে। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা ও নাগরিকদের জীবনঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয়গুলো সরকার উপেক্ষা করছে।

শুক্রবার রাতে জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করার পর এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদের প্রথম দিনেই উত্থাপন করা হলেও সেগুলো নিয়ে স্বচ্ছ আলোচনা হয়নি। ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশ নিষ্পত্তির জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়, যেখানে সরকার ও বিরোধী দলের সদস্যরা ছিলেন। তবে অভিযোগ উঠে, কমিটির আলোচনার বাইরে গিয়ে হঠাৎ করেই ক্ষমতাসীন দল একটি প্রতিবেদন তৈরি করে।

তিনি আরও বলেন, বিরোধী দলের আপত্তির পর কিছু সংশোধন আনা হলেও পুরো প্রক্রিয়াটি ছিল অস্বচ্ছ। বিরোধী দল সব অধ্যাদেশের ওপর বিস্তারিত আলোচনা চাইলেও তা যথাযথভাবে হয়নি। এমনকি গুরুত্বপূর্ণ নথিপত্রও আগেভাগে সরবরাহ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, এই বিল নিয়ে সরকার ও বিরোধী দল পূর্বে একমত হলেও শেষ মুহূর্তে সংশোধনী আনা হয়, যা বিরোধী দলের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, সংসদে প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি এবং বিরোধী দলের সঙ্গে আস্থার সম্পর্ক ভেঙে গেছে।

তিনি প্রশ্ন তোলেন, দুদক, পুলিশ সংস্কার কমিশন, গুম কমিশন, পিএসসি ও গণভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংসদে বিল আকারে আনা হবে কি না। এসব বিষয়ের সঙ্গে জনগণের নিরাপত্তা ও অধিকার জড়িত বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া সাম্প্রতিক নির্বাচন নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন এবং অভিযোগ করেন, নির্বাচনের ফলাফল পূর্বনির্ধারিত ছিল। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিরোধী দল কোনো আপস করবে না এবং প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাবে।

ব্রিফিংয়ে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামও অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ বিলগুলো বিরোধী দলকে না জানিয়ে সংশোধন করে পাস করা হয়েছে, যা সংসদের স্বাভাবিক কার্যপ্রণালীর পরিপন্থী।

মানবকণ্ঠ/আরআই