Image description

সারাদেশে সক্রিয় চাঁদাবাজদের একটি 'নিরপেক্ষ' তালিকা প্রস্তুত করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তালিকা চূড়ান্ত হওয়ার পরপরই জড়িতদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করা হবে বলে জানিয়েছে বাহিনীটি।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে চাঁদাবাজদের একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন ইতোমধ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ করছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তালিকায় যাদের নাম আসবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

ইন্তেখাব চৌধুরী জানান, চাঁদাবাজি এখন আর কোনো নির্দিষ্ট খাতে সীমাবদ্ধ নেই। পরিবহন খাতে মহাসড়ককেন্দ্রিক চাঁদাবাজি, বাজারে ব্যবসায়ীদের হয়রানি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ সৃষ্টি করে অর্থ আদায়—সব ধরনের চাঁদাবাজিকে এই তালিকার আওতায় আনা হচ্ছে।

ভুক্তভোগীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় ভুক্তভোগীরা ভয়ের কারণে অভিযোগ করতে চান না। সেসব ক্ষেত্রে আমরা গোয়েন্দা তথ্য, মাঠপর্যায়ের অনুসন্ধান এবং বিভিন্ন বিশ্বস্ত উৎস থেকে পাওয়া তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে তালিকা তৈরি করছি।

রাজনৈতিক ব্যক্তিদের সংশ্লিষ্টতা নিয়ে এক প্রশ্নের জবাবে র‍্যাবের এই কর্মকর্তা স্পষ্ট করে বলেন, "এই তালিকা হবে সম্পূর্ণ নিরপেক্ষ। কোনো দল বা ব্যক্তির পরিচয় আমাদের কাছে মুখ্য নয়। অপরাধী যেই হোক না কেন, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

জনসাধারণকে আশ্বস্ত করে র‍্যাব জানায়, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বাহিনীটি জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর