বাংলা নববর্ষের প্রথম দিনেই দেশের কয়েকটি অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১টার মধ্যে ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও প্রবল সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় জানানো হয়েছে, ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই পূর্বাভাস প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। প্রতিকূল আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সন্ধ্যার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিসের তথ্যমতে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। নববর্ষের উৎসবে বৃষ্টির সম্ভাবনা থাকায় উৎসবপ্রিয় মানুষকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments