Image description

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ সদস্যের বিশাল বহর নিয়ে বাংলাদেশে পৌঁছেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। সোমবার (১৩ এপ্রিল) রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কিউইদের মূল বহরটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সোমবার সকালেই দলের একটি ছোট অংশ ঢাকায় এসে পৌঁছায়।

বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সফরকারী দলকে সরাসরি তাদের নির্ধারিত টিম হোটেলে নিয়ে যাওয়া হয়। এই সফরের মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর আবারও মাঠের লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

সূচি অনুযায়ী সিরিজের সময়সূচী:

সফরের শুরুতেই হবে ওয়ানডে সিরিজ। আগামী ১৭ ও ২০ এপ্রিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম দুই ওয়ানডে। এরপর দুই দল চলে যাবে বন্দরনগরী চট্টগ্রামে। ২৩ এপ্রিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পরিবর্তে চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচও অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সাগরিকার পাড়ে ২৭ ও ২৯ এপ্রিল লড়বে দুই দল। এরপর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে আবারও ঢাকায় ফিরবে দলগুলো। আগামী ২ মে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শেষ ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই সিরিজের।

ঘরের মাঠে কিউইদের বিপক্ষে শক্ত প্রতিরোধের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। দুই দেশের ক্রিকেট ভক্তদের নজর এখন মাঠের লড়াইয়ের দিকে।

মানবকণ্ঠ/আরআই