নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রেমের সম্পর্কের সূত্র ধরে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক তরুণী। এ ঘটনায় তিন তরুণকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ওই তরুণী। পরে রোববার (২৫ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করে কেন্দুয়া থানা-পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন কাশিপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে বিল্লাল মিয়া (২২), রুস্তম আলীর ছেলে হারুন মিয়া (২৭) এবং এখলাছ মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পুবাইল গ্রামের ওই তরুণীর সঙ্গে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কাশিপুর গ্রামের বিল্লাল মিয়ার প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে শনিবার রাতে ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ায় আসেন তিনি।
অভিযোগে ওই তরুণী জানান, বিল্লাল তাঁকে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে যান। সেখানে বিল্লালসহ কয়েকজন মিলে তাঁকে সংঘবদ্ধ ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর ওই তরুণী নিজেই বাদী হয়ে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সজল সরকার বলেন, ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এনএ




Comments