বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হতে যাচ্ছে। আগামী ২৮ অক্টোবর (বুধবার) ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশায় এটি আঘাত হানার প্রবল আশঙ্কার মধ্যে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। বাংলাদেশ প্রস্তাবিত নামের এই ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও দুর্যোগ এড়াতে ওড়িশার বেশ কয়েকটি জেলায় স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে এবং প্রশাসনিক কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) আবহাওয়া পূর্বাভাসের তথ্যের ভিত্তিতে ভারত ও ওড়িশা রাজ্য সরকারের প্রশাসনিক নির্দেশে এই পদক্ষেপগুলো নেওয়া হয়।
ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)-এর পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ অক্টোবরের মধ্যে গভীর নিম্নচাপটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হতে পারে। পরবর্তীতে আগামী ২৮ অক্টোবর সকালে অন্ধ্রপ্রদেশের বাপাটলা ও বিশাখাপত্তনমের মাঝামাঝি এলাকা দিয়ে এটি উপকূল অতিক্রম করতে পারে।
কূল অতিক্রম করার সময় ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ বজায় থাকা বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার হতে পারে, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
ঝড়ের আশঙ্কায় ওড়িশা সরকার উপকূলীয় ও ঝুঁকিপূর্ণ গঞ্জাম, গজপতি, রায়গড়া, কোরাপুট ও মালকানগিরি জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধের ঘোষণা দিয়েছে। একইসঙ্গে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি রাজ্যবাসীদের সুরক্ষা নিশ্চিত ও ‘শূন্য হতাহত’ (Zero Casualty) বাস্তবায়নে প্রশাসনিক তৎপরতা বাড়াতে নির্দেশ দিয়েছেন।
পরিস্থিতির ভয়াবহতায় জেলা কালেক্টর, জেলা ম্যাজিস্ট্রেট এবং জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা সেবায় নিয়োজিত সব কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে এবং তাদের নিজ নিজ সদর দপ্তরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ওডিআরএএফ (ODRAF) ও এনডিআরএফ (NDRF)-এর উদ্ধারকারী টিমগুলোকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে।
প্রভাবিত তামিলনাড়ু, পুদুচেরি ও উপকূলবর্তী এলাকার ৯টি সমুদ্রবন্দরে বিশেষ সতর্কসংকেত জারি করা হয়েছে। গভীর সমুদ্রে থাকা সব জেলে ও ট্রলারকে দ্রুত কূলে ফিরে আসতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সরাসরি বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা কম থাকলেও, এর প্রভাবে আগামী ২৭ অক্টোবর থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রামসহ দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার প্রকোপ বাড়তে পারে।
ডিআর




Comments