দীর্ঘদিন বন্ধ থাকার পর উৎপাদনে ফেরার দুই দিনের মাথায় আবারও বন্ধ হয়ে গেছে জামালপুরের যমুনা সার কারখানা। গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় রোববার (২৫ অক্টোবর) ভোর ৫টা থেকে কারখানাটির উৎপাদন বন্ধ রাখা হয়েছে।
কারখানার উৎপাদন বিভাগের প্রধান অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দীর্ঘদিন গ্যাস সংকটের কারণে বন্ধ থাকার পর গত ৬ অক্টোবর গ্যাস পেয়ে কারখানাটিতে উৎপাদন শুরু হয়। তবে কারিগরি ত্রুটির কারণে দুই দিনের মাথায় ৮ অক্টোবর আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে গত শুক্রবার কারিগরি ত্রুটি সমাধান করে পুনরায় উৎপাদন শুরু হয়। কিন্তু পেট্রোবাংলা ও তিতাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় আবারও উৎপাদন বন্ধ হয়ে গেছে।
ফজলুল হক জানান, পুরোপুরি উৎপাদনে ফিরতে না পারলেও গত দুই দিনে কারখানাটিতে মোট ১ হাজার ৬০০ মেট্রিক টন সার উৎপাদন হয়েছে।
তিনি আরও জানান, নিরবচ্ছিন্নভাবে সার উৎপাদন স্বাভাবিক রাখতে দৈনিক ৪২ থেকে ৪৩ পিএসআই গ্যাসের চাপ প্রয়োজন। কিন্তু চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না থাকায় রোববার ভোর ৫টা থেকে উৎপাদন বন্ধ রয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে আবারও উৎপাদন শুরু হবে।
গ্যাস সংকট ও বিভিন্ন যান্ত্রিক জটিলতার কারণে প্রায় দুই বছর বন্ধ ছিল যমুনা সার কারখানা। কারখানাটির দৈনিক ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ মেট্রিক টন সার উৎপাদনের সক্ষমতা রয়েছে।
বিসিআইসির তালিকাভুক্ত ১ হাজার ৯০০ ডিলারের মাধ্যমে যমুনা সার কারখানা জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের ২১টি জেলায় সার সরবরাহ করে আসছে।
এনএ




Comments