চাষিদের ভাগ্য বদলাতে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পহেলা বৈশাখের শুভলগ্নে দেশের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে নতুন এক দিগন্তের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বহুল প্রতীক্ষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এর মাধ্যমে সরকারের আরও একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো।
সকাল ৯টায় গুলশানের বাসভবন থেকে যাত্রা করে প্রধানমন্ত্রী টাঙ্গাইলে পৌঁছান এবং সদর উপজেলার সুরুজ এলাকার কৃষকদের হাতে ডিজিটাল এই কার্ড তুলে দেন। এর আগে বর্তমান সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড এবং দেশব্যাপী খাল খনন কর্মসূচির মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলো সফলভাবে চালু করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানান, প্রাথমিক পর্যায়ে দেশের ১১টি কৃষি ব্লকে প্রাক-পাইলটিং ভিত্তিতে ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে এই কার্ডের আওতায় আনা হয়েছে। ‘কৃষক কার্ড’ ধারী প্রত্যেক কৃষক বছরে ২ হাজার ৫০০ টাকা সরাসরি নগদ সহায়তা পাবেন। এছাড়া সার, বীজ ও মৎস্য খাদ্যসহ বিভিন্ন কৃষি উপকরণ ক্রয় এবং সরকারি ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে এই কার্ডটি একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করবে।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, এই কার্ড কেবল একটি পরিচয়পত্র নয়, বরং এটি কৃষকের সমৃদ্ধির প্রতীক। পর্যায়ক্রমে দেশের সব প্রান্তিক কৃষককে এই আধুনিক সুবিধার আওতায় আনা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
মানবকণ্ঠ/আরআই




Comments