পহেলা বৈশাখের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় সবার নজর কেড়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সুসজ্জিত অশ্বারোহী দল। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য শোভাযাত্রার সম্মুখভাগে থেকে নেতৃত্ব দেয় পুলিশের এই বিশেষ ইউনিটটি।
শোভাযাত্রার শৃঙ্খলা ও আভিজাত্যের মিশেলে ২০টি প্রশিক্ষিত ঘোড়া আরোহী পুলিশ সদস্যদের উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও উচ্ছ্বাসের সৃষ্টি করে। অশ্বারোহী দলের নেতৃত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, শোভাযাত্রার সৌন্দর্য ও রাজকীয় আমেজ বজায় রাখতে এই ‘থ্রোব্রেড রাইডিং হর্স’গুলো ব্যবহার করা হয়েছে। প্রতিটি ঘোড়া তাদের নিয়ন্ত্রিত আচরণ ও সহনশীলতার জন্য বিশেষভাবে পরিচিত।
সরেজমিনে দেখা গেছে, উৎসবে আসা শিশু থেকে বৃদ্ধ—সবার আকর্ষণের কেন্দ্রে ছিল এই অশ্বারোহী দল। অনেকে কাছ থেকে ঘোড়াগুলোর ছবি তুলছিলেন এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে এই অভূতপূর্ব মুহূর্ত উপভোগ করছিলেন।
উল্লেখ্য, এবারের মঙ্গল শোভাযাত্রায় লোকজ সংস্কৃতির পাঁচটি প্রধান মোটিফ—মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া বিশেষভাবে স্থান পেয়েছে। এই প্রতীকগুলো যথাক্রমে শক্তি, সৃজনশীলতা, শান্তি, গৌরব ও গতির বারতা বহন করছে। পাশাপাশি ২০০ জন শিক্ষার্থীর হাতে থাকা জাতীয় পতাকা এবং ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীর সুরের মূর্ছনা পুরো আয়োজনকে এক অন্যন্য উচ্চতায় নিয়ে গেছে। ডিএমপির এই বিশেষ অংশগ্রহণ উৎসবের নিরাপত্তায় যেমন বাড়তি নজরদারি নিশ্চিত করেছে, তেমনি বাড়িয়ে দিয়েছে এর নান্দনিক সৌন্দর্য।
মানবকণ্ঠ/আরআই




Comments