Image description

উৎসবমুখর পরিবেশে ঢাকার মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬’-এর ঢাকা আঞ্চলিক পর্ব। শনিবার (২ মে) দিনভর এ প্রতিযোগিতায় ঢাকা ও পার্শ্ববর্তী ৬টি জেলার কয়েকশ শিক্ষার্থী প্রোগ্রামিং, গাণিতিক যুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নানা চ্যালেঞ্জে অংশ নেন।

সকাল ৮টায় নিবন্ধনের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে ছিল ‘এআই কোডিং প্রতিযোগিতা’ ও ‘এআই কুইজ’। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। এই পর্বের বিজয়ীরা আগামী ১৬ মে অনুষ্ঠেয় জাতীয় এআই অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. শওকত আলী। তিনি এক যুগান্তকারী ঘোষণায় বলেন, “আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামীর প্রযুক্তি-নির্ভর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। এই অলিম্পিয়াডের বিজয়ীরা বিইউবিটিতে ভর্তির ক্ষেত্রে ১০০% ওয়েভার (টিউশন ফি ছাড়) সুবিধা পাবেন।” উপাচার্যের এই ঘোষণা উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির ডিন অধ্যাপক ড. মুনশি মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় আইআইটির পরিচালক ও বিডিওএসএন-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বি. এম. মাইনুল হোসেন এবং বিইউবিটির ডিন ড. মুহাম্মদ আমিনুর রহমান। বিডিওএসএন-এর সভাপতি মুনির হাসান তার বক্তব্যে তরুণ প্রজন্মকে বৈশ্বিক প্রযুক্তির মঞ্চে প্রতিভা তুলে ধরার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীব।

আয়োজক সংস্থা বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) জানায়, এবারের আসরের প্লাটিনাম স্পন্সর ও জাতীয় পর্বের হোস্ট হিসেবে রয়েছে বিইউবিটি এবং পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে যুক্ত আছে রিভ চ্যাট (REVE Chat)। এছাড়া গোল্ড স্পন্সর হিসেবে ব্রেইন স্টেশন ২৩ সহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান এই আয়োজনে সহযোগিতা করছে। প্রযুক্তিতে আগ্রহীদের জন্য এটি দেশের অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে।

মানবকণ্ঠ/ডিআর