প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার পাশাপাশি এখন প্রযুক্তিগত উন্নয়ন এবং দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই বাহিনী বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি রপ্তানিতে অগ্রণী ভূমিকা পালন করবে।
বুধবার (২০ মে) সকালে গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে আয়োজিত বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা থেকে শুরু করে গ্রাম-শহর এবং পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলেও আনসার বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। দেশের সাম্প্রতিক অস্থিতিশীল ও অরাজক পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই বাহিনীর সদস্যরা প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন।”
তাদের সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের ফলেই আজ আনসার বাহিনী একটি সুশৃঙ্খল ও স্বতন্ত্র বাহিনীর মর্যাদা লাভ করেছে বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, আনসার বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশে ও বিদেশে কর্মসংস্থান তৈরিতে বিশেষ ভূমিকা রাখছে। নানা ধরনের প্রযুক্তি তৈরির পাশাপাশি বাহিনীর ১৩ হাজারের বেশি ফ্রিলান্সিং ও ফিল্ড ভিডিপি সদস্যরা বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে আস্থা ও সম্প্রতি জোরদারে সক্রিয় ভূমিকা রাখছে। একই ভাবে নগর এলাকায় টিডিভি সদস্যরা শহরে নিরাপত্তায় ভূমিকা রাখছে। ফলে শুধু নিরাপত্তা রক্ষা নয় সামাজে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবেও ভূমিকা রাখছে। তাদের এমন নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সঞ্জিবন প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রধান করে কর্মসংস্থান তৈরি করছে। তাদের বিভিন্ন ওয়েবসাইট ও আনসার ওয়েল ফেয়ার ট্রাস্টের মাধ্যমে বিদেশে দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা রাখবে। এই বিপুল সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ অভিজ্ঞতায় তাদের ভিশন এবং নির্দিষ্ট কর্ম পরিকল্পনা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এর আগে সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। পরে তিনি আনসারদের মৌলিক প্রশিক্ষণ ও কুচকাওয়াজ অনুষ্ঠান উপভোগ শেষে আনসার বাহিনীর মিলনায়তনে যোগদান করে বক্তব্য রাখেন। পরে দেশের প্রতিটি জেলায় নিয়োজিত আনসার বাহিনী সদস্যদের সমস্যা জানতে চান।




Comments