Image description

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে শক্তিশালী ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

বুধবার (২০ মে) সকাল ৭টা ১০ মিনিটে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর ১টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতির প্রেক্ষাপটে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া অপর এক পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির স্বস্তির মাঝেও দেশের চার জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। নোয়াখালী, খুলনা, বাগেরহাট ও যশোর জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এই তাপপ্রবাহ আরও কিছুক্ষণ স্থায়ী হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি অনেক বেশি। তাই বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করা, নদীপথে চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা এবং বড় গাছের নিচে আশ্রয় না নেওয়ার জন্য সাধারণ মানুষকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।