চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে নিবন্ধিত সব হজযাত্রী ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন। শুক্রবার (২২ মে) দুপুরে পবিত্র মক্কা থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতেই শেষ হজ ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছায় এবং আলহামদুলিল্লাহ, নিবন্ধিত সব হজযাত্রী সেখানে নিরাপদে পৌঁছে গেছেন।
তিনি আরও জানান, ১৯ জন হজযাত্রীর কিছু জটিলতা থাকলেও শেষ পর্যন্ত তাদেরও সৌদি আরবে নিয়ে আসা সম্ভব হয়েছে। মোট কোটার চেয়ে পৌঁছানো হজযাত্রীর সংখ্যা কিছুটা কম হওয়ার বিষয়ে তিনি ব্যাখ্যা দেন যে, আপৎকালীন সময়ের জন্য কিছু সংখ্যা সংরক্ষিত রাখা হয়। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের তথ্যমতে, ১৯৯টি ফ্লাইটে মোট ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজযাত্রীদের পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৯৮টি, সৌদি এয়ারলাইনস ৭৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৮টি ফ্লাইট পরিচালনা করেছে। এবারের হজে বাংলাদেশের কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে গেছেন।
আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ৩০ মে থেকে শুরু হবে ফিরতি ফ্লাইট, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। এদিকে, এখন পর্যন্ত সৌদি আরবে ২১ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৬ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১৪ জন এবং মদিনায় ৭ জনের মৃত্যু হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments