Image description

সারা দেশে হাম ও এর উপসর্গের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে এই রোগে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৫ জনে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ২২৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ৩ জন এবং রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ২ জন করে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গে একজন এবং ঢাকা বিভাগে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৭ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ১২৭ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ৮ হাজার ৭১৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হলো। পাশাপাশি এই সময়ের মধ্যে মোট ৬৪ হাজার ৯৪০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৫১ হাজার ৫৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪৭ হাজার ৬১৯ জন ছাড়পত্র পেয়েছেন।

হামের এই উচ্চ সংক্রমণ ও মৃত্যুহার নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর থেকে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/আরআই