সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক, তা নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সন্ত্রাসীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং তাদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা খুঁজে বের করে নির্মূল করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সাম্প্রতিক সময়ে র্যাব ও পুলিশের ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনাগুলো অত্যন্ত কঠোরভাবে দমন করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। রাষ্ট্রের আইন অমান্যকারী ও বাহিনীর ওপর হামলাকারীদের কোনো রেহাই নেই।”
চট্টগ্রামের আলোচিত ‘জঙ্গল সলিমপুর’ প্রসঙ্গে মন্ত্রী জানান, সেখানে বিভিন্ন বাহিনীর প্রশিক্ষণ একাডেমি স্থাপন এবং কারাগার স্থানান্তরের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে সেখানে আইনের শাসনের অভাব থাকায় সন্ত্রাসীরা ওই এলাকাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল। এখন তারা ভাবছে সেই আধিপত্য বজায় থাকবে, তাই তারা অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু যেকোনো মূল্যে জঙ্গল সলিমপুরসহ দেশের সব সন্ত্রাসী আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও পুনর্ব্যক্ত করেন যে, সন্ত্রাস, মাদক ব্যবসা এবং চাঁদাবাজির বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। দেশ থেকে অপরাধ নির্মূল করতে তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, জঙ্গল সলিমপুরে অপরাধীদের উচ্ছেদে প্রশাসনের কঠোর অভিযানের মুখে সন্ত্রাসীরা সম্প্রতি র্যাব ক্যাম্পের দেয়াল ভাঙা ও রাস্তা খোঁড়ার মতো ধৃষ্টতা দেখিয়েছে, যার প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে এই কড়া বার্তা এলো।
মানবকণ্ঠ/আরআই




Comments