Image description

এবারের পবিত্র ঈদুল আজহায় সারা দেশে প্রায় ১ কোটি পশু কুরবানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিনুর রশিদ। মঙ্গলবার (২৬ মে) সকালে কুমিল্লা নগরীর নেউরা কুরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, কুরবানিকে কেন্দ্র করে দেশের অর্থনীতিতে যে গতিশীলতা তৈরি হয়, তা সরাসরি সাধারণ মানুষের উপকারে আসে। প্রান্তিক খামারি থেকে শুরু করে সাধারণ ক্রেতা—সবাই যেন নির্বিঘ্নে ও নিরাপদে পশু কেনাবেচা করতে পারেন, সরকার সেই লক্ষ্যে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি সন্তোষ প্রকাশ করে জানান, এখন পর্যন্ত কোথাও কোনো অনিয়ম বা নিরাপত্তার অভাবের অভিযোগ পাওয়া যায়নি এবং বাজারে অবৈধভাবে আসা কোনো পশুর উপস্থিতিও নজরে পড়েনি।

মো. আমিনুর রশিদ আরও বলেন, পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের সহায়তায় ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। এছাড়া জাল টাকা শনাক্তকরণ এবং চাঁদাবাজি প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তারা সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করেছেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শামসুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মানবকণ্ঠ/আরআই