বিশ্বকাপে ফেরা উদযাপনে স্কটল্যান্ডের ব্যাংক নোটে ম্যাকটমিনের ঐতিহাসিক গোল
দীর্ঘ ২৮ বছর পর ফিফা বিশ্বকাপে জায়গা করে নেওয়ার আনন্দকে এক অনন্য উপায়ে স্মরণীয় করে রাখলো স্কটল্যান্ড। গত বছর নভেম্বরে ডেনমার্কের বিপক্ষে ঐতিহাসিক বাছাইপর্বের জয়ের সেই মাহেন্দ্রক্ষণ এবার ঠাঁই পেয়েছে দেশটির ব্যাংক নোটে। ব্যাংক অব স্কটল্যান্ড সীমিত সংস্করণের ২০ পাউন্ডের নোটে ফুটবলার স্কট ম্যাকটমিনের সেই বিখ্যাত ‘ওভারহেড কিক’ গোলের ছবি যুক্ত করেছে।
১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হয়েছে স্কটিশদের। ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে তারা। সেই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা স্কট ম্যাকটমিনের দর্শনীয় ওভারহেড কিকটি দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোল হিসেবে বিবেচিত। এই ঐতিহাসিক মুহূর্তটিকেই ব্যাংক নোটে ফ্রেমবন্দি করা হয়েছে।
এই বিশেষ সংস্করণের মাত্র ১০০টি নোট ছাপা হয়েছে। এর মধ্যে ৫০টি নোট ফুটবল সংগ্রাহকদের জন্য নিলাম, প্রাইজ ড্র এবং গ্লাসগো ও এডিনবার্গের দুটি বিশেষ ভল্টের মাধ্যমে সংগ্রহ করা যাবে। এই কার্যক্রম থেকে অর্জিত সব অর্থ গৃহহীনদের কল্যাণে কাজ করা দাতব্য সংস্থা ‘ক্রাইসিস স্কটল্যান্ড’-কে দান করা হবে।
নিজের গোল ব্যাংক নোটে দেখে উচ্ছ্বসিত স্কট ম্যাকটমিনে বলেন, ‘সমর্থকরা এই ধরনের মুহূর্তের জন্যই অপেক্ষা করেন। স্কটিশ ব্যাংক নোটে নিজের গোল দেখা আমার জন্য এক অবিশ্বাস্য এবং বিশেষ অনুভূতি।’
ব্যাংক অব স্কটল্যান্ডের নির্বাহী কমিটির সভাপতি এমা নোবেল জানান, জাতীয় দলের এই বড় সাফল্যকে স্কটিশ পরিচয়ের সঙ্গে মিশিয়ে উদযাপন করতেই তারা এই পদক্ষেপ নিয়েছেন।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে হাইতি, মরক্কো ও ব্রাজিলের মুখোমুখি হবে। বিশ্বমঞ্চে এর আগে কখনো গ্রুপ পর্ব পার হতে না পারা স্কটিশদের সামনে এবার ইতিহাস গড়ার নতুন সুযোগ।
মানবকণ্ঠ/আরআই




Comments