Image description

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে নাড়ির টানে রাজধানী ছাড়ছে লাখো মানুষ, যার বড় প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার পদ্মা সেতুতে। গত ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে টোল আদায়ে তৈরি হয়েছে নতুন এক ইতিহাস। এক দিনে ৫ কোটি ৩২ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা টোল আদায়ের মাধ্যমে এটি এখন পর্যন্ত ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে।

বুধবার (২৭ মে) সকালে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত সেতুটি দিয়ে মোট ৪৫ হাজার ৬০২টি যানবাহন পারাপার হয়েছে। এর আগের দিন টোল আদায়ের পরিমাণ ছিল ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা।

বিভাগীয় তথ্য অনুযায়ী, সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ৩০ হাজার ৯৪টি যানবাহন পারাপার হয়েছে, যেখান থেকে ২ কোটি ৮৭ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা আয় হয়েছে। অন্যদিকে, জাজিরা প্রান্ত দিয়ে পার হয়েছে ১৫ হাজার ৫৮০টি গাড়ি, যার টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৭৬ হাজার ৯৫০ টাকা।

উল্লেখ্য, পদ্মা সেতুর ইতিহাসে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ডটি ছিল ২০২৫ সালের ৬ জুন। সেদিন ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপারের মাধ্যমে ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ১০০ টাকা আয় হয়েছিল।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার ঘরমুখী মানুষের তীব্র চাপ থাকলেও মাওয়া ও জাজিরা উভয় প্রান্তের টোল প্লাজায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা আরএফআইডি (RFID) কার্ডের মাধ্যমে ইলেকট্রনিক টোল সংগ্রহ ব্যবস্থা চালু থাকায় কোনো ভোগান্তি ছাড়াই দ্রুত ও স্বয়ংক্রিয়ভাবে যান পারাপার সম্ভব হচ্ছে। ফলে ২১টি জেলার মানুষ উৎসবের আমেজে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন।

মানবকণ্ঠ/আরআই