Image description

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মসজিদ কমিটি ও ঈদের মাঠের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।

শুক্রবার জুমার নামাজের আগে চান্দাইকোনা ইউনিয়নের কাবাড়িপাড়া গ্রামের উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার মধ্যে মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাবাড়িপাড়া শাহী জামে মসজিদ কমিটি গঠন ও ঈদের মাঠের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। আজ শুক্রবার বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা–কাটাকাটির একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে উত্তরপাড়ার বসির উদ্দিনের ছেলে শাহিদুল ইসলাম এবং দক্ষিণপাড়ার নসের শেখের ছেলে রবিউল শেখ গুরুতর জখম হন। এ সময় আহত হন আরও প্রায় পাঁচজন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসানুজ্জামান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।