পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। ঈদের তৃতীয় দিন আজ শনিবার (৩০ মে) সকাল থেকেই রাজধানীমুখী যাত্রীদের আনাগোনা শুরু হয়েছে। তবে গত কয়েক বছরের তুলনায় এবার ফিরতি যাত্রায় এখনো বড় ধরনের ভিড় বা হুড়োহুড়ি দেখা যায়নি। যানজটমুক্ত রাস্তা আর স্বাভাবিক যাত্রীচাপের কারণে ভোগান্তি ছাড়াই নগরবাসী ফিরছেন আপন ঠিকানায়।
সকালে রাজধানীর প্রবেশপথগুলো এবং গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ এবং গাজীপুরের মতো নিকটস্থ জেলাগুলো থেকে আসা বাসগুলোতে যাত্রীদের চাপ খুবই স্বাভাবিক। কাউন্টারগুলোতে বাসের জন্য দীর্ঘ অপেক্ষার দৃশ্য যেমন নেই, তেমনি বাসে উঠতে যাত্রীদের ঝক্কিও পোহাতে হচ্ছে না। যাত্রীচাপ কম থাকায় এবার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও মেলেনি।
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি থাকায় মানুষ ধাপে ধাপে ফিরছেন। শেরপুর থেকে আসা একটি বাসের হেলপার রবিউল ইসলাম জানান, "এখনো ফিরতি চাপ সেভাবে শুরু হয়নি। বাসে সিট খালি থাকছে না ঠিকই, তবে বাসের জন্য মানুষের হাহাকার নেই। ভাড়া আমরা নিয়মিত চার্ট অনুযায়ীই নিচ্ছি।"
যাত্রীরা বলছেন, রাস্তাঘাট ফাঁকা থাকায় এবারের ঢাকা ফেরা অনেক বেশি আরামদায়ক হচ্ছে। তবে বিকেল থেকে অথবা আগামীকাল রোববার অফিস খোলার আগের দিন থেকে যাত্রীচাপ কয়েকগুণ বেড়ে যেতে পারে বলে ধারণা করছেন পরিবহন শ্রমিকরা।
উল্লেখ্য, এবারের ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি উপভোগ করছেন। আগামীকাল রোববার ছুটির শেষ দিন হওয়ায় ওই দিন বিকেল থেকেই রাজধানীমুখী মানুষের উপচে পড়া ভিড় তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments