Image description

বয়স যেন ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে কেবল একটি সংখ্যা মাত্র। বর্তমানে ৪১ বছর বয়সী এই মহাতারকা কি ২০৩০ সালের বিশ্বকাপে খেলতে পারবেন? যখন তার বয়স হবে ৪৫ বছর। ভক্তদের মনে এমন প্রশ্ন থাকলেও, পর্তুগাল জাতীয় দলের কোচ রবার্তো মার্তিনেজ কোনো সংশয় ছাড়াই জানিয়ে দিলেন—২০৩০ বিশ্বকাপেও পর্তুগালের জার্সিতে দেখা যাবে সিআরসেভেনকে।

সম্প্রতি স্প্যানিশ রেডিও ‘ক্যাডেনা সেরে’ দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মার্তিনেজ রোনালদোর খেলা নিয়ে নিজের দৃঢ় আত্মবিশ্বাসের কথা জানান। তিনি বলেন, “রোনালদো ২০৩০ বিশ্বকাপে খেলতে পারে কি না, তা নিয়ে কারোরই সন্দেহ থাকা উচিত নয়। সে এমন এক স্তরের বিশ্বাস ও মানসিকতা অর্জন করেছে, যা অবিশ্বাস্য।”

২০০৩ সালে মাত্র ১৮ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে পা রাখা রোনালদো দুই দশকেরও বেশি সময় ধরে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। পর্তুগালের হয়ে ২২৬টি ম্যাচ খেলে রেকর্ড ১৪৩টি গোল করেছেন তিনি, যা আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। তাঁর নেতৃত্বেই ২০১৬ সালে পর্তুগাল জিতেছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। এছাড়া পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার একমাত্র অনন্য কীর্তিও তাঁর দখলে।

রোনালদোর এই দীর্ঘ ক্যারিয়ারের রহস্য নিয়ে মার্তিনেজ বলেন, “অনেক বড় ফুটবলার সাফল্যের শীর্ষে পৌঁছে প্রেরণা হারিয়ে ফেলেন, কিন্তু রোনালদো ব্যতিক্রম। তাঁর সাফল্যের ক্ষুধা আজও আগের মতোই। জেনেটিক সুবিধা আর শরীরের প্রতি যত্ন তো আছেই, তবে সবচেয়ে বড় বিষয় হলো তাঁর মানসিক শক্তি।”

উল্লেখ্য, ২০৩০ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ হিসেবে রয়েছে পর্তুগাল। নিজ দেশে অনুষ্ঠেয় সেই আসরে দেশের ইতিহাসের সেরা এই ফুটবলারকে দেখার স্বপ্ন এখন আরও জোরালো হলো কোচের এমন বক্তব্যে।

আপাতত সবার নজর আসন্ন ৪৮ দলের বিশ্বকাপের দিকে। যেখানে পর্তুগাল গ্রুপ ‘কে’-তে লড়বে। আগামী ১৭ জুন হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে পর্তুগিজদের বিশ্বকাপ মিশন শুরু হবে।

মানবকণ্ঠ/আরআই