চট্টগ্রামের সীতাকুণ্ডের আলোচিত জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় কোনো সন্ত্রাসীর অস্তিত্ব রাখা হবে না এবং এলাকাটিকে আর অভয়ারণ্য হতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (৩১ মে) সকালে ওই এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "জঙ্গল সলিমপুরের পাশাপাশি বেতুয়া ও চাবাগান পাহাড় এলাকায় সন্ত্রাসীদের আনাগোনা রয়েছে বলে আমরা খবর পেয়েছি। এসব এলাকা থেকেও দ্রুত অপরাধীদের উচ্ছেদ করা হবে।"
সারা দেশে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজি নির্মূলে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, এ লক্ষ্যে বড় ধরনের আইনি সংস্কার করা হচ্ছে। তিনি বলেন, “১৮৬৭ সালের পুরনো আইন দিয়ে বর্তমানের অনলাইন জুয়া বা আধুনিক বেটিং নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। তাই আগামী সংসদ অধিবেশনেই একটি নতুন ও শক্তিশালী জুয়া আইন পাসের চেষ্টা করা হবে।”
মাদক মামলার দীর্ঘসূত্রতা কমাতে ‘স্পেশাল ট্রাইব্যুনাল’ গঠনের জন্য মাদক নিয়ন্ত্রণ আইনে সংশোধনী আনার ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এর ফলে বছরের পর বছর ঝুলে থাকা হাজার হাজার মাদক মামলা দ্রুত নিষ্পত্তি হবে, যা যুবসমাজকে রক্ষা করতে সহায়ক হবে।
কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান উৎপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, “কিশোর গ্যাংয়ের সদস্যরা ‘জুভেনাইল ডিলিনকোয়েন্সি’ বা কিশোর অপরাধী হিসেবে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে এবং আরও ভয়ঙ্কর সন্ত্রাসীতে পরিণত হচ্ছে। তাই তাদের অপরাধের গুরুত্ব বিবেচনা করে কিশোর আইন সংস্কার করা এখন সময়ের দাবি।”
পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ়ভাবে বলেন, জনগণকে সাথে নিয়ে যেকোনো মূল্যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।
মানবকণ্ঠ/আরআই




Comments