Image description

ছবি: সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও প্রদর্শিত পথ অনুসরণ করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৩১ মে) বিকেলে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের পরিচয়ের প্রতীক। তাঁর কাজের মাধ্যমেই বিদেশের মানুষ বাংলাদেশকে চিনত। তিনি যেভাবে দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, আমরা সেই লক্ষ্য বাস্তবায়নেই সরকার পরিচালনা করছি।" তিনি আরও বলেন, "একটি কথা প্রচলিত আছে—যে গাছ ফল দেয়, সেই গাছেই মানুষ ঢিল মারে। শহীদ জিয়ার ক্ষেত্রেও তা-ই হয়েছে, কিন্তু তাঁর আদর্শ আজও এ দেশের মানুষের হৃদয়ে অম্লান।"

সরকারপ্রধান আরও উল্লেখ করেন যে, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে দেওয়া বিএনপির ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। বিশেষ করে ৫২ শতাংশ মানুষের রায় অনুযায়ী কৃষি, শিক্ষা ও শিল্প বিপ্লবের যে রূপরেখা শহীদ জিয়া দিয়েছিলেন, তা অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর করা হচ্ছে। 

তিনি বলেন, "খাল খনন থেকে শুরু করে আধুনিক শিক্ষার প্রসার—সবক্ষেত্রেই আমরা জিয়ার পথনির্দেশিকা অনুসরণ করছি।"

দলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তারেক রহমান বলেন, "বিএনপির সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়ে সজাগ না থাকলে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের অপূরণীয় ক্ষতি হতে পারে।" 

তিনি তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শুধু সরকারের একার পক্ষে সব করা সম্ভব নয়; তৃণমূল পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের কল্যাণে কাজ করতে হবে, যাতে একটি সফল সরকার হিসেবে জনগণের মনে আস্থার জায়গা তৈরি করা যায়।

বক্তব্যের শেষে তিনি শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মানবকণ্ঠ/ডিআর