প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে চীন সফরে গেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার বেলা ২টায় ১৫ সদস্যের এই প্রতিনিধি দলটি চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, চীন সরকার ও ঢাকায় চীনা দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এই বিশেষ প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে। সফররত প্রতিনিধি দলটি আগামী ৮ জুন পর্যন্ত সেখানে অবস্থান করবেন।
প্রতিনিধি দলে রয়েছেন; প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ মামুন শিবলী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক মনিরুল ইসলাম পাটোয়ারি।
দলের অন্য সদস্যরা হলেন; পরিচালক আনোয়ার উল হালিম, মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার ও মো. মাহবুবুর রহমান; প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন, অ্যাসাইনমেন্ট অফিসার-২ এসএম পারভেজ, গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারি, প্রধানমন্ত্রীর উপদেষ্টার একান্ত সচিব তারিখ হাসান এবং কর্মকর্তা জুলিয়া মঈন, জেসমিন আক্তার ও মোহাম্মদ জাব্বার।
সফরের আগে সোমবার ঢাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও চীনের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা নতুন মাত্রা পেয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তারা চীনের উন্নয়ন ও আধুনিকায়নের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, যা পরবর্তী সময়ে বাংলাদেশের জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই সফরটি দুই দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে একটি কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।




Comments