দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা আরও নিশ্ছিদ্র করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। সোমবার (৮ জুন) থেকে দেশের সীমান্তবর্তী ১১টি জেলায় বিজিবির পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (গণসংযোগ) মো. আশিকউজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর এবং খাগড়াছড়ি—এই ১১টি জেলার সীমান্ত এলাকায় আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫ সালে বিজিবির সঙ্গে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের (MoU) আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে সীমান্ত ব্যবস্থাপনা ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকর হবে। রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তার চাহিদার কথা মাথায় রেখে স্থানীয় উপজেলা এবং থানা পর্যায়ের আনসার সদস্যদের সীমান্তে সম্পৃক্ত করা হয়েছে।
সীমান্তে নিয়মিত নজরদারি বৃদ্ধির পাশাপাশি যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য আনসার ব্যাটালিয়নের সদস্যদের প্রস্তুত ও সতর্ক অবস্থায় রাখা হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত জনবল সরবরাহ করতেও বাহিনীটি পুরোপুরি প্রস্তুত।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিজিবির পাশাপাশি আনসার-ভিডিপির এই উপস্থিতি জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং সীমান্ত এলাকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।
মানবকন্ঠ/আরআই




Comments