দেশে হামের উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে উদ্বেগজনকভাবে। গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশু মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মৃতদের মধ্যে ঢাকায় ৩ জন, রাজশাহীতে ১ জন এবং ময়মনসিংহে ১ জন শিশু রয়েছে।
একই সময়ে নতুন করে ৭৯৬ শিশুর শরীরে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪২ জনে।
সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। তাই সময়মতো টিকাদান এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা জরুরি।
অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, শিশুদের নির্ধারিত হাম টিকা সময়মতো দেওয়ার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে।
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বাংলাদেশে চলমান হামের পরিস্থিতিকে জাতীয়ভাবে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে সতর্ক করেছিল।
ডব্লিউএইচও জানিয়েছিল, ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায়-ডেমরা, যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর, কড়াইল, মিরপুর ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সংক্রমণ বেশি দেখা যাচ্ছে।




Comments