Image description

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে দক্ষিণ কদমতলী নাভানা ভূঁইয়া সিটি সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহত তিনজন লেকে গোসল করতে নেমে সাঁতার কাটছিলেন। একপর্যায়ে তারা ঘাটের নিচ দিয়ে ডুব দিয়ে এক পাশ থেকে অন্য পাশে যান। পরে ফিরে আসার সময় তারা পানির নিচে ডুবে যান এবং আর উঠে আসেননি।

প্রায় আধা ঘণ্টা নিখোঁজ থাকার পর স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন- মো. রাশেদুজ্জামান (২২), মো. গালিব (১৮), সুরাইয়া (১২)।

তারা সবাই সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। 

ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৫টার দিকে দুইজন এবং সন্ধ্যা ৬টার দিকে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।